পেশাজীবী সংগঠন করে রাজনীতি করলে জনগণ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়। এতে রাজনৈতিক প্রভাবে দায়িত্বশীল আচরণ করতে পারেন না পেশাজীবীরা। আর তাই পেশাজীবী যারা তাদের রাজনীতি থেকে বিরত থাকার কোনো বিকল্প নেই। নাগরিক প্ল্যাটফর্ম ‘একটি জাতির কণ্ঠ বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা নিয়ে ওই সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. ইসমাইল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের সকল সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমেই নিতে হবে। তা না হলে ঐক্যবদ্ধ বাংলাদেশ হয়ে উঠবে না। মনে রাখতে হবে বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক হতে পারবে না, কারণ এ দেশের জনগণ তা হতে দেবে না।’
ভারত নিয়ে আলোচনায় ইসমাইল হোসেন বলেন, ‘তাদের মনে রাখতে হবে ভারতকে স্বাধীন করার পেছনে আমাদের সংগ্রাম ও রক্তের ইতিহাস আছে। ভারতকে প্রমাণ করতে হবে তারা সাম্প্রদায়িক নাকি অসাম্প্রদায়িক অথবা গণতান্ত্রিক।’
ইসমাইল হোসেন জানান, রাজনৈতিক দলের বাইরে সাধারণ মানুষের না বলা কথাগুলো উপস্থাপন করতে কাজ করবে নতুন সংগঠন ‘একটি জাতির কণ্ঠÑ বাংলাদেশ’। সব জেলা-উপজেলা থেকে এর সদস্য হতে পারবেন যেকোনো নাগরিক। তবে সম্পৃক্ত থাকা যাবে না কোনো রাজনৈতিক দলের সঙ্গে।