নজরুল ইসলাম খান বললেন

আন্দোলনে নিহতদের ডেটাবেজ তৈরি করেছে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ডেটাবেজ তৈরি করা হয়েছে। তাদের দলের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।’ গতকাল শনিবার দুপুরে গুলশানে বাড্ডা থানা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাদের ফাঁদে পা দিয়ে কেউ আইন হাতে তুলে নেবেন না। বৈষম্যবিরোধী আন্দোলনের অর্জন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সব সময় চিন্তা করেন। তার নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের জন্য ডেটাবেজ করা হয়েছে। সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করে ডেটাবেজে যুক্ত করা হচ্ছে। দলের পক্ষ থেকে হতাহতদের পরিবারের কাছে যাওয়া হচ্ছে। তাদের দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। প্রতিদিনই দলের পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘সেদিন আমি কারাগারে। যখন খবর এলো স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালিয়ে গেছেন। তখন কারাগারে আনন্দের মিছিল শুরু হলো। কে কোন মামলার আসামি তার কোনো ঠিকানা নেই। সবার সেøাগানে-সেøাগানে প্রকম্পিত হলো কারাগার। সবার চোখে-মুখে নতুন স্বাধীনতার উচ্ছ্বাস ফুটে ওঠে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এম এ কাইয়ুম বলেন, ‘১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছি। কিন্তু সফলতা পাইনি। এই সফলতা এনে দিয়েছে ছাত্র-জনতার দুনিয়া কাঁপানো অভ্যুত্থান। যারা জীবন দিয়ে আমাদের নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা জানাতে হবে। তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাদেরও সুফল পাওয়ার সুযোগ করে দিতে হবে।’

বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, নগর নেতা ফয়েজ আহমেদ ফরু, নগর নেতা তুহিরুল তুহিন, নগর নেতা জাহাঙ্গীর মোল্লা, নগর নেতা মাহফুজ চেয়ারম্যান প্রমুখ।