লা লিগায় সর্বশেষ তিন ম্যাচেই পেনাল্টি থেকে গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ায় বেশ সমালোচনা হয়েছিল। পরের তিন লিগ ম্যাচে করলেন ৪ গোল। সর্বশেষ গতকাল রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ৪–১ ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে ফরাসি বিশ্বকাপজয়ী তারকা একটি রেকর্ডও গড়েছেন। ২১ শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমবাপ্পে টানা তিন লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন। ম্যাচটিতে নিজে গোল করার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সহায়তাও করেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এটিইতাঁর প্রথম অ্যাসিস্ট। রিয়ালের অন্য গোল দুটি করেছেন রদ্রিগো ও দানি কারভাহাল।
এই জয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত আছে রিয়াল। তারপরও লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে টপকে যেতে পারেনি। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল। এস্পানিওলের গোলের পর খেলোয়াড়েরা ভালোই জবাব দিয়েছে। আমরা অনেক ভালো খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি। আমি আনন্দিত।’