গতকাল আলোক স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা একটু আগেভাগেই শেষ হয়েছিল। রাতে বৃষ্টিও হয়েছে। আজ রবিবার ম্যাচের চতুর্থ দিন সকালে বৃষ্টি হয়নি, তবে আকাশ মেঘলা। খেলা শুরু হয়েছে যথাসময়েই। মেঘাচ্ছন্ন আকাশের নিচে ভারতের পেসারদের বাংলাদেশের ব্যাটসম্যানরা কীভাবে সামলাবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের জন্য শেষ দুই দিনে করতে হবে ৫১৫ রান! এমনিতেই গতকাল বিকেলে একটা ব্যাটিং ধস দেখা গেছে। ১ উইকেটে ৮৬ রান থেকে ৪ উইকেটে ১৪৬ রান হয়ে গিয়েছিল বাংলাদেশের স্কোর। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ায় রক্ষা। এর মাঝে ১১ ইনিংস পর ফিফটি করেছিলেন অধিনায়ক শান্ত।
এই দুজনের ব্যাটে আজ চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। প্রথম আধা ঘন্টায় ১৫ রান তুলেছেন সাকিব-নাজমুল। দুটি বাউন্ডারিও মেরেছেন সাকিব। একটি যশপ্রীত বুমরা ও অন্যটি মোহাম্মদ সিরাজের বলে। তবে বুমরার একটি বল আঙুলে লাগে সাকিবের, এর জন্য ফিজিওকেও মাঠে আসতে হয়। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ব্যাটিং করে যাচ্ছেন।