ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫১

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিকের কারণে বিস্ফোরণটি ঘটে। খবর বিবিসি বাংলার।

দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাতজাদেহ বলেছেন, বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে বি ব্লকে ৪৭ জন এবং সি ব্লকে ২২ জন শ্রমিক ছিলেন।

প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ-আলি আখন্দি রবিবার বলেন, শনিবার রাতে খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। মিথেন এবং কার্বন মনোক্সাইড দ্রুত নির্গত হওয়ার কারণে দম বন্ধ হয়ে শ্রমিকরা মারা গেছেন।

মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার শংকা জানিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ অবস্থার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা বেশ কঠিন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া খনিতে বিস্ফোরণের ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

২০১৭ সালে ইরানের একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৩  সালে, দুটি পৃথক খনির দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়। নিরাপত্তা মানের ঘাটতি এবং খনির এলাকায় অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে।