লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর দুই হাত মেহেদি রাঙা ছিল এবং পেছন দিক থেকে বাঁধা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর হবে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীতে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে দেখতে পান চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তার নদীর চরে আটকে আছে এক তরুণীর মরদেহ। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত মানুষ তরুণীর পরিচয় সনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
তারা জানান, কালো রংয়ের বোরকা পরিহিত তরুণীর হাতে ‘আই লাভ ইউ’ লেখা ছিল। দুই হাত পেছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং তার মুখ ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে, পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কিছু দিয়ে তরুণীর মুখ ঝলসে দেয়া হয়।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে তার পরিচয় সনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।