৮ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৪ হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুনানিতে পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের আবেদন করেন। এ নিয়ে তাকে চতুর্থ দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। 

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিন এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

তার আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিনদিন করে মোট ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর গাজীকে।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইতিমধ্যে ৩টি মামলায় গাজীকে রিমান্ডে নেওয়া হয়েছে।