নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৩ দিন পর আইরিন আক্তার তিথি (১৬) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের বাড়ির পাশের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে আইরিন আক্তার তিথি গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফোনে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ। আজ রবিবার বিকালে বাড়ির পাশের একটি বাগানে তার অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

তিথি স্থানীয় রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর।