রাজধানীর তেজগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল রবিবার কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে তেজগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তা মঞ্জুর করেন।
রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার অভিযোগ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে যান। সেখানেই তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তেজগাঁও থানার অন্য আরও একটি মামলায় দীপু মনি-পলক-শাকিল-রুপার গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার অভিযোগ গত ৪ আগস্ট তেজগাঁও থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রমিজ উদ্দিন আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর তার বাবা একেএম রকিবুল হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
সাবেক রেলমন্ত্রী সুজন পাঁচ দিনের রিমান্ডে : এদিকে হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। অন্যদিকে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাছান চৌধুরীকে আদাবর থানার রুবেল হত্যা মামলা গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করে আদালত। গতকাল সকালে কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করে এ আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের দুজনকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক দুটি আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে নুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড এবং মেহেদি হাছানকে আদাবর থানার রুবেল হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।