সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘আমার একটাই উত্তর, গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।’
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে গত ৫ সেপ্টেম্বর বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সেই চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।