সাবেক মন্ত্রী মান্নানের মুক্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রথমে সাবেক মন্ত্রীর হিজল খরচ বাসভবনের সামনে জড়ো হন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিভিন্ন সেøাগান দেন।

এদিকে গত বৃহস্পতিবার রাত ১০টায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা এবং সংঘর্ষের ঘটনায় জেলার শান্তিগঞ্জের হিজল খরচ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাবেক মন্ত্রী মান্নানের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ : সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফাঁসি ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গতকাল রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের পুরানো বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনের নেতারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

সেই হামলায় জেলার শতাধিক শিক্ষার্থীরা আহত হন। আমরা দাবি জানাই, সাবেক পরিকল্পনামন্ত্রীর ফাঁসিসহ যারা শিক্ষার্থীদের ওপর চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।