সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টের তৃতীয় দিনে মজার এক কাণ্ড দেখা গিয়েছিল। গত শনিবার খেলা চলাকালীন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন রিশাভ পান্ত। তার কথা শুনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ফিল্ডারকে জায়গামতো দাঁড়ও করান। কিন্তু কেন প্রতিপক্ষ দলের ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন মারকুটে এই উইকেটকিপার ব্যাটার?
ঘটনার সময় তাসকিন আহমেদ নতুন ওভার করতে বোলিংয়ে এসেছেন। অফ সাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে পান্ত হাত দিয়ে মিডউইকেটের দিকে ইশারা করে বলতে থাকেন, ‘আরে ভাই, এদিকে একজন আসো। এদিকে। ফিল্ডার কম আছে।’ শুধু হাত দিয়ে ইশারা করেই ক্ষান্ত হননি। ভালো করে বোঝানোর জন্য ‘মিডউইকেট’ ও বলে দেন। শান্ত তার কথামতোই ফিল্ডার সাজান।
গতকাল রবিবার ম্যাচ শেষে উপস্থাপক পান্তকে এই প্রশ্ন করতেই তিনি হো হো করে হেসে ওঠেন। তারপর বলেন, ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না। এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম, ওখানে একজন ফিল্ডার দাও।’
চেন্নাই টেস্ট দিয়ে ২০ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে পান্তর। দ্বিতীয় ইনিংসে হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। খেলেছেন ১০৯ রানের ইনিংস। ভারত ম্যাচটি জিতেছে ২৮০ রানের বিশাল ব্যবধানে।