উন্নয়নমূলক কোন কাজ বন্ধ করা হবে না: উপদেষ্টা ড. এম সাখাওয়াত

নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়নমূলক কোন কাজ বন্ধ করা হয়নি। হয়তো অনেকে ভাবছে কাজ বন্ধ হয়েছে, কিন্তু কাজ বন্ধ হয়নি। এটি অর্থনৈতিক কার্যক্রম, কোন রাজনৈতিক বিষয় নয়। কোন উন্নয়ন কাজ বন্ধ বা নির্মানে ধীরগতি চলবে না। ধীরগতিতে কাজ চললে ব্যয় বেড়ে যাবে। কাজই প্রতিটি প্রজেক্টের কাজ হবে। 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) পায়রা বন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা আরও বলেন, নৌ মন্ত্রণালয়ের কোন কাজ বন্ধ হয়নি। বিআইডব্লিউটিসি অনেক জাহাজ ক্রয় করেছে, যা এখন চালাতে পারছে না। এখন চিন্তা করা হচ্ছে অপারেটরদের দেওয়ার জন্য। দেশে ফরমায়েসী কাজ বেশি হয়। এক দেশে এক নদীর ওপর ৫টি ব্রিজ। যেই নদীতে ব্রিজের প্রয়োজন সেখানে তদবির করার মতো কেউ নেই তাই ব্রিজ হচ্ছে না। এগুলো যে এক মাস, বছরে শেষ হয়ে যাবে  তা নয়।

এসময় পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীসহ পায়রা বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এসময় উপদেষ্টা পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে, বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্প এবং স্কিমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।