বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘২০১৫ সাল থেকে পরপর তিনটি অবৈধ, ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের ফ্যাসিজমের দোসর ও সহযোগী হিসেবে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি। এমনকি সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সারা দেশের রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনে যায়নি, সেখানে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও অবৈধ ভোটারবিহীন সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে গ্রেপ্তার করতে হবে।’
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে অনুষ্ঠিত একাধিক নেতার সঙ্গে মতবিনিময়ে শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।
বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, ‘গণমাধ্যমে জাতীয় পার্টির ফ্যাসিবাদ, তোষণ ও সুবিধা গ্রহণের বিষয়ে নানারকমের আবেগি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মূলত দেশে আধিপত্যবাদী শক্তিকে নির্মূল করতে হলে ফ্যাসিজমের সরাসরি সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীদের বিচার করা ছাড়া কোনও বিকল্প নেই।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সেলিম বলেন, ‘অবিলম্বে বিগত তিনটি গণবিরোধী, ভোটারবিহীন নির্বাচনের প্রধানতম সহযোগী জি এম কাদের, রওশন এরশাদ, মুজিবুল হককে গ্রেপ্তার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এই দোসরাও বাদ যাবে না। দেশের ইতিহাসের সামনে উপমা তৈরি করতে হবে। ফ্যাসিজমকে সহায়তা করলে জনগণ এর বিচার করে।’
তিনি বলেন, চক্রান্ত এখনও থেমে নেই। ঘরে-বাইরে-বন্ধুর চেহারা, পরিচয়ে শেখ হাসিনার দোসররা সামনে আসছে। সামনে উঠে আসছে রঙপাল্টানো ব্যক্তিরা। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে এসব মোকাবিলা করতে হবে।’
মতবিনিময়ে বাংলাদেশ এলডিপির সিনিয়র সহসভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটো, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসারসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।