লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৮২

লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। আজ সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭২৭ জন। খবর আল জাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নারী, শিশু ও চিকিৎসকসহ অন্তত ১৮২ জন নিহত এবং ৭২৭ জন আহত হয়েছেন। 

এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।

এর আগে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছিলেন, তাদের সামরিক বাহিনী আজ লেবাননে প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যাচ্ছে। সে সময়ে তিনি লেবাননের লোকজনকে ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে’ হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যেতে বলেছিলেন।

লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ–সংক্রান্ত সতর্কবার্তাও পাঠানো হয়। ফোনে মেসেজ ও অডিও বার্তা আকারে ওই সতর্কবার্তা পান স্থানীয় বাসিন্দারা। বার্তায় বলা হয়, ‘হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রাখার জন্য যেসব আবাসিক ভবন ব্যবহার করেছে’, সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হচ্ছে।

এদিকে লেবাননের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ এলাকায় স্কুল দুই দিনের জন্য বন্ধ থাকবে।
এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলের ওপর প্রভাব বিস্তারকারী অন্যান্য দেশকে এই আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।