আবু সাঈদ হত্যার ঘটনায় বেরোবিতে নতুন তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ হত্যার ঘটনায় ফের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু সাঈদের নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়িতদের (শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী) চিহ্নিত ও শাস্তির ধরণ নির্ধারণের জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. মিজানুর রহমান আহ্বায়ক, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ফেরদৌস রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়। আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক এটি দ্বিতীয় তদন্ত কমিটি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ হত্যার ২ দিন পর গত ১৮ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মতিউর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি অনুসন্ধান কমিটি করা হয়েছিল। সদস্য ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক বিজন মোহন চাকী এবং সদস্য-সচিব বাংলা বিভাগের অধ্যাপক শফিকুর রহমান।

তবে আবু সাঈদের হত্যার ১ মাস পেরিয়ে গেলেও কমিটি কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে শিক্ষার্থীদের মধ্যে অনাস্থা তৈরি হয় এবং গত ২০ আগস্ট কমিটি পদত্যাগ করেন। ফলে দু’মাস পেরিয়ে গেলেও আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িতদের কোনো শাস্তি বা বিচার করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নতুন ভিসি এসে আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির লক্ষ্যে নতুন করে তদন্ত কমিটি গঠন করায় আশার আলো দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দেশ রূপান্তরকে বলেন, আমরা চাই এ ঘটনায় যারাই জড়িত থাকুক দ্রুত যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। অন্যান্য ঘটনার মত যেন দেরি না হয়। আগের কমিটি কিছুই করতে পারেনি, এই কমিটি এবং বেরোবির নতুন উপাচার্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেছেন, ‘আবু সাঈদের হত্যাকাণ্ড সারাদেশের মানুষ দেখেছে। আমিও এই হত্যার দ্রুত বিচার হোক সেটার চেষ্টা করব। আশা রাখি খুব দ্রুত ব্যবস্থা হবে।’