চার বছরের জেল, মুক্তি পেলেন ৪২ বছর পর!

বিচারব্যবস্থায় মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রিতা নতুন কোনো ঘটনা নয়। তবে এবার ৪২ বছর ধরে একটি মামলা চলমান থাকায় জেলে থাকতে হয়েছে রাম সিং নামে এক ব্যক্তিকে। ভারতে এলাহাবাদ হাইকোর্টে এ ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৯৮২ সালের একটি মামলায় রাম সিং ‘তথ্যপ্রমাণ লোপাট ও ঘটনা সম্পর্কে মিথ্যা’ বলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে। তিনি এলাহাবাদ হাইকোর্টে এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। অবশেষে গত ১৯ সেপ্টেম্বর ট্রায়াল কোর্টের শুনানির কোনো রেকর্ড না পাওয়ায় তাকে বেকসুর মুক্তি দেওয়া হয়। তবে মাঝখান থেকে তাকে জেলে কাটাতে হয়েছে ৪২ বছর। 

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি নলীন কুমার শ্রীবাস্তব রাম সিংয়ের বিরুদ্ধে বালিয়ার নিম্নকোর্টের শুনানির সব রেকর্ড চেয়েছিলেন। কিন্তু সেটা তারা পাঠাতে পারেননি। যে রায়ে রাম সিংকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তা ছাড়া আর কোনো রেকর্ডই তাদের কাছে নেই। এই জবাব পেয়ে অবাক হয়ে যান তিনি। তার পরে রাম সিংকে বেকসুর ঘোষণা করেন তিনি।

বিচারপতি শ্রীবাস্তব বলেন, ‘শাস্তির বিরুদ্ধে আবেদনকারীকে আপিল করার অনুমতি দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে তিনি (রাম সিং) নিরপরাধ প্রমাণিত হয়েছেন। তিনি ১৯৮২-র ৩০ সেপ্টেম্বর দোষী সাব্যস্ত হয়েছিলেন নিম্ন আদালতে, সেই রায় নাকচ করা হলো। তার সিওরিটি ও ব্যক্তিগত বন্ড ডিসচার্জ করার নির্দেশ দেওয়া হলো।’

বিচারপতি শ্রীবাস্তব জানান, কিছুই যখন পাওয়া যায়নি ও শাস্তির মেয়াদ যেখানে চার বছর ছিল, ফলে আবেদনকারীকে আটকে রাখা যুক্তিহীন। তিনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময়ে জেলে থেকেছেন। তাই তাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো।