ছাত্রশিবিরের সকলকে প্রকাশ্যে এসে পরিচয় প্রকাশের আহ্বান ছাত্রদলের

ছাত্রশিবিরের সকলকে প্রকাশ্যে এসে পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে নাছির বলেন, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাদের স্বাগত জানাই। তবে একজন একজন করে নয় সকলের পরিচয় প্রকাশ করা উচিত। আমরা লক্ষ্য করেছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম ও পরবর্তীতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামনে আসেন।’

তিনি আরও বলেন, গোপন তৎপরতার মাধ্যমে কখনও জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয়। গোপনে এক দলের নেতা হয়েও প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ প্রতারণামূলক আচরণ যা ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়।

এছাড়া আত্মপরিচয়য়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক।