বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, গণহত্যাকারী কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না। এই গণহত্যার জন্য শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। তার আগে দেশের আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের দেশে নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা এবং আর্থিক খাতগুলো সব ধ্বংস হয়ে গেছে।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে ‘ড. মুহাম্মদ ইউনূসের সাত দফা বাস্তবায়ন নাগরিক কমিটি’।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রফেসর ইউনূস যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান এবং বিশে^ ব্যতিক্রমী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত, সারা বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা রয়েছে, তার উচিত হবে দেশের এই ক্রান্তিকালে বিদেশ থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ আনা এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা। বর্তমান সরকার একটি নিরপেক্ষ সরকার। তারা তাদের নিরপেক্ষতা যতদিন বজায় রাখতে পারবে ততদিন মানুষ তাদের মাথার ওপর রাখবে। যদি কোনো কারণে নিরপেক্ষতা হারান তাহলে তাদের পক্ষে নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব হবে না। সে ক্ষেত্রে এই সরকারের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হবে।’
এই সরকারের মধ্য থেকে নতুন করে দল গঠনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের যে কেউ নতুন দল গঠন করতে পারেন। কিন্তু তার জন্য অবশ্যই তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে।’