ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এটা রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে।
সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু একটা সিদ্ধান্ত হয়েছে।
তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না। যেটা সরকারের বিবেচনায় আছে।’
তিনি আরও বলেন, ‘যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সবাই দেখেছি। আমরা খুব কতগুলো সহজ কথা বলে ফেলি। আমাদের সব সময় মনে রাখতে হবে।
প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলাপ-আলোচনা করতে হবে। আমাদের সেই আলোচনার ধারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।