'বিশ্ব'কে হারিয়ে দিল আলকারাজের 'ইউরোপ'

চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের ইউরোপ ১৩-১১ ব্যবধানে হারিয়ে দিয়েছে বিশ্বকে। টেলর ফ্রিটজকে ৬-২, ৭-৫ সেটে পরাজিত করেন।

ইউএস ওপেন রানার-আপ ফ্রিটজকে ১১তম গেমে ব্রেক করে আলকারাজ ম্যাচ জয় নিশ্চিত করেন। জয়ের পর টিম ইউরোপের খেলোয়াড়রা অধিনায়ক বিয়র্ন বর্গের সঙ্গে বার্লিনে উদযাপন শুরু করেন।

বিশ্ব দল ছিল তৃতীয়বারের মতো লেভার কাপ জয়ের ফেভারিট, কারণ তারা শেষ দিনে ৮-৪ পয়েন্টে এগিয়ে ছিল। তবে ইউরোপের দল রবিবার ঘুরে দাঁড়ায়, যখন আলকারাজ ও ক্যাসপার রুড আমেরিকান জুটি বেন শেলটন ও ফ্রান্সিস টিয়াফোকে ৬-২, ৭-৬ (৬) সেটে হারিয়ে জয় তুলে নেয়। কিন্তু পরে শেলটন অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালিস্ট দানিল মেদভেদেভকে ৬-৭ (৬), ৭-৫, ১০-৭ সেটে হারিয়ে বিশ্বকে আবার এগিয়ে দেন।

কিংবদন্তীর রড লেভারের কাছ থেকে ট্রফি নিচ্ছে টিম ইউরোপ। ছবি: এক্স

টিয়াফো, যিনি ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন, তিনি বিশ্ব দলের হয়ে ম্যাচটি সিল করতে পারতেন, কিন্তু ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট আলেকজান্ডার জভেরেভের কাছে ৬-৭ (৫), ৭-৫, ১০-৫ সেটে পরাজিত হন। ফলে আলকারাজ ও ফ্রিটজের মধ্যে ফাইনাল নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

লেভার কাপের ফরম্যাট গলফের রাইডার কাপের মতো, যেখানে ১৩ পয়েন্ট অর্জনকারী দল প্রতিযোগিতা জিতে নেয়। রবিবার প্রতিটি ম্যাচের মূল্য ছিল তিন পয়েন্ট।

শনিবার টিম ইউরোপের একমাত্র জয় এসেছিল আলকারাজের কাছ থেকে, যিনি এই বছর ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন জিতেছেন। রবিবার ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা আবারও তার বড় ম্যাচের প্রতিভা প্রমাণ করেছেন।