রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকে পড়া ১৪০০ জন পর্যটক যৌথ বাহিনীর সহায়তায় ফিরেছেন। গত ৬ দিন সাজেকে আটকে থাকার পর সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সাজেক থেকে পিকআপ-চাঁদের গাড়ি, সিএনজি ও মোটরসাইকেল পর্যটকরা সাজেক থেকে নেমে আসতে শুরু করেন তারা।
জানা যায়, খাগড়াছড়িতে মামুন হত্যাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় টানা ৭২ ঘণ্টার অবরোধের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে সাজেকে ঘুরতে আসা প্রায় ১৪’শ পর্যটক আটকে পড়েন।
ফেরার পথে কয়েকজন পর্যটকের সাথে কথা বললে তারা জানান, সম্প্রতি খাগড়াছড়িতে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ ৭২ঘণ্টার অবরোধের ডাক আসলে সাজেকের সাথে সারাদেশের সড়ক যোগাযোক বন্ধ হয়ে যায়। যার ফলে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়ে যাই। অবরোধ শেষ হলে আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর বিশেষ নিরাপত্তায় আমরা সাজেক থেকে ফিরছি।
এর আগে আটকে থাকা পর্যটকদের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট হেলিকপ্টার যোগে অর্ধশতাধিক পর্যটক আকাশ পথে সাজেক ছেড়ে যান।
যৌথবাহিনী সূত্র জানায়, অবরোধের কারণে বিভিন্ন জেলা থেকে সাজেকে বেড়াতে আসা প্রায় ১৪’শ পর্যটক আটকে পড়েন। অবরোধ শেষ হলে পূর্বের ন্যায় আমরা পর্যটকদের সাজেক থেকে নামিয়ে আনতে সক্ষম হই।