ঘনিষ্ট দৃশ্যগুলোতে পরস্পরের স্পর্শে কখনও অস্বস্তি হয়নি: ঋতাভরী

আসছে পূজায় মুক্তি পেতে যাচ্ছে ‘বহুরূপী’ সিনেমা। এখানে জুটি হিসেবে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে। ছবিতে তাদের দুজনের বেশ কিছু ঘনিষ্ট দৃশ্য রয়েছে বলে জানা গেছে। এবার সেই ঘনিষ্ট দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

ঋতাভরী চক্রবর্তী বললেন, আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। না হলে আমাদের জুটিটা এতটা এগিয়ে যেত না। আমরা তো উত্তমকুমার-সুচিত্রা সেন অথবা শাহরুখ খান-কাজলের মতো জুটি নই। তাই প্রতিবারই আমাদের রসায়ন তৈরি করতে হয়। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন যেমন বাস্তবেও যুগল। তাই মানুষের ওদের নিয়ে একটা ধারণা রয়েছে। কিন্তু আমাদের সেটা তৈরি করতে হয়। আবীরদার একটা জগৎ আছে স্ত্রী ও পরিবার নিয়ে। আমার একটা অন্য জগৎ রয়েছে। মানুষ হিসাবেও আমরা ভিন্ন। কিন্তু পরস্পরের প্রতি আমরা শ্রদ্ধাশীল ও স্বচ্ছন্দ।

তিনি আরও বললেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পেরেছি কারণ আমি বা আবীরদা কেউই কামযন্ত্রণায় ছটফট করি না (হেসে)। তাই এই দৃশ্যগুলোতে পরস্পরের স্পর্শে কখনও অস্বস্তি হয়নি। ‘ফাটাফাটি’-তেও স্বামী-স্ত্রীর রসায়ন ফুটিয়ে তুলতে পেরেছিলাম এই বোঝাপড়া আছে বলে। আমি নিজেও আমাদের জুটিকে দর্শক হিসাবে দেখেছি। এটুকু বলতে পারি, বুম্বাদা-ঋতুদির পরে আমি নিজেদের জুটির মধ্যে সেই রসায়ন খুঁজে পেয়েছি। সত্যিই যেন দুটো মানুষ পরস্পরকে ভীষণ ভাবে চায়।

উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে ‘বহুরূপী’ প্রযোজনা ও পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়। সিনেমাটি ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।