ঢামেক ও বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখলেন চীনা চিকিৎসক দল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করছেন চীন থেকে আসা চিকিৎসকরা। মঙ্গলবার সকালে দলটির বেশ কয়েকজন ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট  গিয়েছিলেন চীনা চিকিৎসক দল। দলের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরিদর্শন শেষে চীনা চিকিৎসক দল হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেন। তবে কিছু জটিল রোগীর ক্ষেত্রে উন্নত চিকিৎসায় কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে বলে দলের চিকিৎসকরা জানিয়েছেন। তারা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আহতদের দেখতে এই দুই হাসপাতালে যান চীনা চিকিৎসক দল। এই দলে সার্জারি, অর্থোপেডিক্স ও অপথালমোলজি (চক্ষু রোগ) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। পরিদর্শন শেষে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

এসময় পরিচালক বলেন, চীনা চিকিৎসকরা ঢাকা মেডিকেলে ২০ জন রোগী দেখেছেন। এই দলে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকসক রয়েছেন। তারা আপাতত কোনো সার্জারি করবেন না। পরশু (আগামী বৃহস্পতিবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে সব জানাবেন তারা। তবে অনেকগুলো জটিল কেস আসে যার জন্য লজিস্টিক সাপোর্ট লাগবে বলেও জানিয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ১০ সদস্যের চীনা মেডিকেল টিম। টিমের নেতৃত্বে আছেন চীনা চিকিৎসক ডং কুইআন।

আজ মঙ্গলবার পর্যন্ত তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতের দেখলেন। আগামী ২৬ সেপ্টেম্বর এই চিকিৎসক দল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন দেবেন।