ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ বারের চ্যাম্পিয়ন তারা। তবে কোচ অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ম্যানইউর সাফল্য তেমন নেই বললেই চলে।
কিন্তু অর্থকড়ির বিষয়ে সব সময়ই ইংলিশ এই ক্লাবটির নাম উপরের দিকেই থাকে। আর সেই টাকা-পয়সার জোরেই ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় বড় ধরনের সংস্কার কাজ শুরু করার পরিকল্পনা করছে ক্লাবটি।
প্রস্তাবিত সংস্কার কাজ শেষ হলে নাকি ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর ৭৩০ কোটি পাউন্ড বা প্রায় ১ লাখ ১৬ হাজার ৫০০ কোটি টাকা যোগ করবে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নিয়োগ করা অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই কমিটি জানিয়েছে এই তথ্য। তবে স্টেডিয়ামসহ অন্য সংস্কারে সরকারের তহবিল থেকে কিছু পাবে না ক্লাবটি।
সংস্কার পরিকল্পনায় ২০০ কোটি পাউন্ড খরচ করার কথা শুধু ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম ভেঙে ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণে। ওল্ড ট্রাফোর্ডে এখন দর্শক ধারণ ক্ষমতা ৭৪ হাজার। এছাড় স্টেডিয়ামের আশেপাশে শপিং মলসহ, অ্যাপার্টমেন্টসহ নানা পরিকল্পনা আছে।
অক্সফোর্ড ইকোনমিকস নামের একটি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান বলছে নতুন প্রকল্প বাস্তবায়ন হলে নতুন ৯২ হাজার চাকরির সুযোগ তৈরি হবে, প্রায় ১৭ হাজার নতুন বাড়ি-ঘর পাওয়া যাবে এবং প্রতি বছর বাড়তি প্রায় ১৮ লাখ পর্যটক পাবে ম্যানচেস্টার।
মেয়র বার্নহাম বলেন, 'এই দেশে আমার দেখা সবচেয়ে বড় সংস্কার প্রকল্প এটি। আমরা আশা করছি এটাই হবে বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল স্টেডিয়াম। আর নতুন এই স্টেডিয়ামে আশপাশের বাসিন্দারা উপকৃত হবেন।'
ওল্ড ট্রাফোর্ড সংস্কারের উদ্যোগ নিয়েছেন ম্যানইউয়ের অন্যতম মালিক জিম র্যাটক্লিফ। ব্রিটিশ বিলিয়নিয়ার এ বছরের শুরুতে ক্লাবটি মালিকানার কিছু অংশ কিনে নিয়েছেন।