আ.লীগ আমলের গায়েবি মামলা: জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠনে রিট

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গায়েবী মামলার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন ও মামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার এ রিট আবেদনটি করেন। এতে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের এখতিয়ার সম্পন্ন বেঞ্চে রিট মামলাটি কার্যতালিকায় আসলে শুনানি হবে বলে দেশ রূপান্তরকে জানান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। 

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় যন্ত্র, আইন আদালতকে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছিল। ঘটনা ঘটেনি, এমন ঘটনা বানিয়ে মামলা দিয়ে মানুষকে রিমান্ডে দিল, রিমান্ড বাণিজ্য করল। আমার নামেও মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল। যারা এই কাজগুলো করেছিল তারা একটা গোষ্ঠীকে ক্ষমতায় রাখতে সংবিধানকে লঙ্ঘণ করে মামলা দিয়েছে। এগুলো কারা করল, কীভাবে করলো এজন্য একটা তদন্ত কমিশন গঠন করে দায়ীদের চিহ্নিত করা উচিৎ। আর যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতেও হাইকোর্টের নির্দেশনা চেয়েছি।’