বাংলাদেশকে সেমিফাইনালে তুললো ভারত

নিজেদের দুই গ্রুপ ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ভাগ্য তাদের হাতে ছিল না, ছিল ভারত ও মালদ্বীপের মধ্যে ম্যাচের ফলাফলে। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ভাগ্য নুয়ে ছিল মালদ্বীপের দিকে। 

তারা ১-০ গোলে পিছিয়ে থাকলেও হলুদ কার্ডের হিসেবে ছিল বাংলাদেশের চেয়ে এগিয়ে। সেই সময় তারা একটি হলুদ কার্ড দেখলে ভাগ্য পরীক্ষায় ফিরেছিল সমতা। তবে এর মিনিট চারেক পর মালদ্বীপ কিপারের শিশুতোষ ভুলে ভারত পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখা। আর নির্ধারিত সময়ের শেষ দিকে আরেক গোল করে মালদ্বীপের সব আশা ভেঙে দেয় ভারত। তাতে ভাগ্য খুলে যায় বাংলাদেশের। এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ভারত সেমিফাইনাল যায় বাংলাদেশকে সঙ্গী করে। গোল গড়ে মালদ্বীপকে পেছনে ফেলে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ জানা যাবে আজ বি গ্রুপের দুটি ম্যাচ শেষে।

দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে ভারত হয়েছে এ গ্রুপের চ্যাম্পিয়ন। মুখোমুখি লড়াইয়ে ড্র করায় বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ সমান ১ পয়েন্ট। তবে গোল গড়ে বাংলাদেশ এগিয়ে গেছে। তাদের গোল গড় মাইনাস ১। মঙ্গলবার ৩-০ তে হারায় মালদ্বীপের গোল গড় মাইনাস ৩। ফলে গ্রুপ থেকে বিদায়ের ভাগ্য মেনে নিতে হয়েছে দ্বীপ দেশটিকে। অন্যদিকে জয় না পেয়েও বাংলাদেশের মিলেছে সেমিফাইনালের টিকিট।

ভারতের জয়ে বড় বদলী ফরোয়ার্ড হেমনিচুং লুনকিমের। মালদ্বীপের বিপক্ষে ৭৪ ও ৮৯ মিনিটে দু'টি গোল করেছেন তিনি। এর আগে ১৩ মিনিটে ভারতকে দারুণ হেডে এগিয়ে নিয়েছিলেন স্যামসন হংসাংবাম।