শেখ হাসিনার দেশ ছাড়াকে আল্লাহর রহমত বললেন জি এম কাদের

শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, এ দেশের ছাত্র-জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকারব্যবস্থা কায়েম হতো, দেশে মাত্র একটি দলই থাকত। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলনে এত নির্যাতন, হত্যাযজ্ঞের ইতিহাসও নেই। আমাদের বীর সন্তানেরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি।

আজ মঙ্গলবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় মোটর শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন। 

২০২৪ সালের নির্বাচনে জাপা যেতে চায়নি দাবি করে জি এম কাদের বলেন, আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ। হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে চার মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল। আমরা ২০২৪ সালের নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম, সবকিছুই প্রস্তুত ছিল। কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সদস্যরা আমাদের অফিস কর্ডন করে রাখে। আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি।

চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। পরিবহন মালিকদের দাবি সড়কের চাঁদার জন্য গণপরিবহনের ভাড়া বেড়ে যায়। কেউ প্রতিবাদ করলে তাঁর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে। পরিবহন সেক্টরের সংস্কারও জরুরি হয়ে পড়েছে।’

জাতীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুর রহিমের সঞ্চালনায় মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক, অতিরিক্ত মহাসচিব মীর আবদুস সবুর, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।