জালিয়াতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। এমনকি দেশে মিলবে না এসব এনআইডির সুবিধা। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক শরিফুল আলম এ তথ্য জানান।
বিভিন্ন সূত্রের তথ্য বলছে, মিথ্যা তথ্য দিয়ে হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল।
এর আগে আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির বিষয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ‘কোনো ফাঁকফোকর দিয়ে এ অপরাধ করার সুযোগটা সে (আজিজ) পেয়েছে। কিন্তু তিনি যে নির্মোহ ব্যক্তি, আমরা বলছি না। তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে।’
তদন্ত কমিটির রিপোর্ট এসেছে জানিয়ে ইসি সচিব শফিউল আজিজ গণমাধ্যমকে বলেন, এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।