ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর খিলক্ষেতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুনতাকিম আলিফ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

খিলক্ষেত থানার ওসি আজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত একটি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানে চাকরি করতেন আলিফ। যুক্তরাষ্ট্রের সময়ের সঙ্গে সমন্বয়ের সুবিধার জন্য নিকুঞ্জ এলাকার প্রতিষ্ঠানটিতে রাতেও কাজ হতো। আলিফ ও তার এক নারী সহকর্মী সোমবার রাতের পালায় কাজ শেষ করে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে অফিস থেকে বের হন। নিকুঞ্জ-১ থেকে উড়ালসড়কের কাছে যেতেই কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে আলিফের বুকে ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আলিফের বাবা জুলফিকার আলী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। 

নিহতের ফুফাতো ভাই গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আলিফের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি কাওলা এলাকায় থাকতেন। তার বাবা ঠাকুরগাঁও জজকোর্টের পেশকার। আলিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ¯œাতকে পড়ছিলেন। তিনি ১০ মাস আগে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেন।