সংস্কার কাজগুলো বাতিঘর হিসেবে কাজ করবে : রিজভী

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার যে সংস্কার কাজ করছে, তা একটি বাতিঘর হিসেবে কাজ করবে। পরবর্তী সময়ে এগুলো আলো দেখাবে। পরে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে, তারা সে অনুযায়ী কাজ করতে পারবে।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্র সংস্কার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন, সে সংস্কার যদি আসলে করা হয়, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তা যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। যাতে একটি প্রকৃত সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা, সেটাকে নিশ্চিত করা সম্ভব হয়। আর এ কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না।’

রিজভী বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং রাজনৈতিক। শেখ হাসিনার প্রতিহিংসা পূরণের জন্য তার বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনার একক কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশে যাতে কোনো টু শব্দ না হয়, তা নিশ্চিত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে, সাজা দিয়ে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার মাধ্যমে।’