মুনিরীয়া যুব তবলীগ কমিটির স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুন আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সকাল সাড়ে ৭টার দিকে কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে এবিএম ফজলে করিমকে আনা হয়।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, রাউজান থানায় মুনিরীয়ার দায়ের করা দুই মামলায় এবিএম ফজলে করিমকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
এর মধ্যে একটি মামলায় এবিএম ফজলে করিমকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ১২ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে এবিএম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ১৯ সেপ্টেম্বর বিকেলে তাকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
এদিকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ওপর হামলার চেষ্টা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ভিডিও চিত্রে দেখা যায়, সকাল ৭টার দিকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নিচ থেকে সরাসরি আদালতে নিয়ে যাওয়ার পথে হট্টগোল শুরু করেন কিছু যুবক।