স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘ডেঙ্গুবিষয়ক সমস্যা সম্পর্কে আমরা সবাই জানি। প্রতি বছরই এটা নিয়ে মহড়া হয়। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখনই আমরা হইচই করি। নানা রকম কার্যকলাপ দেখাই। কিন্তু যদি গোড়া থেকেই পদক্ষেপ নেওয়া থাকে, শুরু থেকে আমরা প্রত্যেকে সচেতন হই, তাহলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে।’
গতকাল মঙ্গলবার পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় লার্ভাসাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা কম, এতে সন্তুষ্টি প্রকাশের কিছু নেই। সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয়। আমাদের এদিকে বেশি নজর দিতে হবে। সংক্রমণ রোধে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, লার্ভা সাইডে মেডিসিন দেওয়া, ফগিং করা। আরেকটা হলো জনগণকে সচেতন করা।