পাচার করা অর্থ ফিরিয়ে আনা

দুদকের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক

মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং ও বিশ্বব্যাংকের স্টোলেন রিকভারি বিভাগের কো-অডিনেটর এমিল জোহানেস মেরিভ্যানের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল বৈঠক করে। দুদকের পক্ষে মহাপরিচালক মো. আক্তার হোসেনের নেতৃত্বে একটি টিম বৈঠকে অংশ নেয়।

বৈঠকের বিষয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, ‘বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে দুদকের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভোরি ইনিশিয়েটিভ টিমের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে দুদককে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।’ এর আগে গত ১০ সেপ্টেম্বর একই বিষয়ে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এবং গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও এফবিআইয়ের সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি টিম বিশেষ বৈঠক করে দুদকের সঙ্গে।