মামলায় যারা প্রকৃতভাবে জড়িত শুধু তাদের আইনের আওতায় আনার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে। কাউকে অযথা হয়রানি করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তালেবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার পর তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এ ক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই গ্রেপ্তার করেন। সুস্পষ্ট নির্দেশনা আছে, মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসা। এখানে কাউকে অযথা হয়রানি বা ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে না।
যেসব মামলার বাদী খুঁজে না পাওয়া যাচ্ছে না তাদের বিষয়ে ডিসি বলেন, মিথ্যা অভিযোগ করলে বাদীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। মনগড়া অভিযোগ করলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাদীদের বস্তুনিষ্ঠ অভিযোগ নিয়ে আসতে হবে।