বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি পেশ ও মানববন্ধন

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা বৈষম্য রয়েছে। এরমধ্যে অন্যতম হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এখনও বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র ১ হাজার টাকা। আর চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের বাড়ি ভাড়া স্থানভেদে মূল বেতনের ৪৫-৫৬%। আর চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা। 

বক্তারা বলেন, স্কুল, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পর্যন্ত শিক্ষা প্রশাসন কিভাবে চলবে? তার স্পষ্ট নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রম কিভাবে সমন্বয় হবে? সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর উপরোক্ত দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী দেশ রূপান্তরকে বলেন, শিক্ষকরা একটা স্মারকলিপি আমার কাছে দিয়েছেন। ওই স্মারকলিপি বাংলাদেশ সচিবালয়ে প্রেরণ করা হবে।