ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান নিহত

গত সোমবার থেকে লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলদার দেশটির স্মরণকালের ভয়াবহ হামলায় এরই মধ্যে লেবাননে কমপক্ষে ৫৬৯ জন নিহত এবং ১৮৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, সবশেষ ইসরায়েলি হামলায় দেশটিতে ছয়জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসি রয়েছে।

পৃথক পৃথকভাবে দেওয়া বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং হিজবুল্লাহ। খবর রয়টার্স এবং আল জাজিরা।

বুধবার ভোরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করে যে, তাদের শীর্ষ কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসি মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

এছাড়া আইডিএফের বিবৃতিতেও বলা হয়েছে, মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েতে এক হামলায় কুবাইসিসহ হিজবুল্লার অপর দুই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। নিহত দুই কমান্ডার কুবাইসির সহচর ছিলেন বলে জানানো হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, কুবাইসি "হজ আবু মুসা" নামেও পরিচিত ছিলেন। তিনি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার জন্য তাকে দায়ী করা হয়।

আশির দশকের মাঝামাঝি সময় হিজবুল্লা প্রতিষ্ঠিত হওয়ার পরপরই গোষ্ঠীটিতে যোগ দিয়েছিলেন কুবাইসি। গত প্রায় ৪০ বছর হিজবুল্লার ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক শাখার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি, পাশাপাশি গোষ্ঠীটির প্রিসিশন-গাইডেড ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। হিজবুল্লার অনেক জেষ্ঠ কমান্ডারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, "ঘোবেইরি এলাকার একটি আবাসিক ভবনের দুটি তলা লক্ষ্য করে ইসরায়েলি হামলাটি চালানো হয়।"

দাহিয়েহ শহরে হামলাটি ছিল লেবাননের সাথে শুরু হওয়ায় যুদ্ধের মধ্যে বৈরুতে ইসরায়েলের পঞ্চম হামলা। এই হামলায় অন্তত ছয়জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে মঙ্গলবারও ইসরায়েলে প্রায় ৩০০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব হামলায় ছয়জন বেসামরিক ও সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

অন্যদিকে ইসরায়েলের ভয়াবহ হামলার মুখে দক্ষিণ লেবানন ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। গাজা যুদ্ধের এক বছরের কাছাকাছি সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক সংঘাতের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।