এক দশক পর ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। গত সপ্তাহে নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের এক সপ্তাহ পর আজ বুধবার শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
মোট তিন দফার এই নির্বাচনের দ্বিতীয় দফায় উপত্যকাটির ২৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে, যার মধ্যে ১৫টি মধ্য কাশ্মীরে অবস্থিত। খবর এনডিটিভি।
ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জম্মু ও কাশ্মির পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধাসামরিক সেনাও। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব জায়গার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এনডিটিভি জানায়, আজ বুধবার জম্মুর তিনটি এবং কাশ্মিরের তিনটি জেলায় ভোটগ্রহণ হচ্ছে। এদের মধ্যে জম্মুর তিন জেলা রইসি, রাজৌরি এবং পুঞ্চে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের নানারকম ঘটনার কারণে অতিরিক্ত নজর রেখেছে প্রশাসন।
এদিকে দ্বিতীয় দফার ভোটে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লাহকে বিবেচনা করা হচ্ছে। তিনি গান্ডারবাল এবং বুদগাম এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওমর আবদুল্লাহ ছাড়াও অন্যান্য আলোচিত প্রার্থীদের মধ্যে জম্মু ও কাশ্মিরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, জম্মু ও কাশ্মির আপনি পার্টির প্রধান আলতাফ বুখারি রয়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ২৬ লাখ মানুষ আজ ভোট প্রদানের মাধ্যমে ২৩৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ভোটের সংখ্যা ছিল বেশি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে সাতটি জেলার ২৪টি নির্বাচনী এলাকায় ভোট পড়েছে ৬১.১৩ শতাংশ। এছাড়া উপত্যকাটুতে তৃতীয় দফার ভোট হবে আগামী ১ অক্টোবর।
আগামী ৮ অক্টোবর নির্বাচনের ভোট গণনা করা হবে। ভারতীয় সংবিধানে কাশ্মিরকে বিশেষ মর্যাদা দেওয়া অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মিরে।