কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম ছারওয়ার নির্জনের বাড়িতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইল পৌর শহরের বাড়িতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা।
এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে টাঙ্গাইল যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা।
সোমবার রাতে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩) নিহত হন। পরে মঙ্গলবার নিহত সেনা কর্মকর্তাকে টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দুই দফায় ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী।
নিহত লেফটেন্যান্ট তানজিম পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।