সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফেরাতে হবে: প্রিন্স  

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিক দল এবং শ্রেণী-পেশার সংগঠনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক দলের সাথে যাতে আস্থা ও বিশ্বাসের সঙ্কট সৃষ্টি না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সচেস্ট থাকতে হবে। 

বুধবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রিন্স বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি, সহযোগিতা করছি। এই সরকারের সফলতা, ব্যর্থতার ওপর দেশের ভালো-মন্দ জড়িত। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য জনগণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। হাসিনা সরকার ভোট ব্যবস্থা ধ্বংস করে ভোটবিহীন দখলদারিত্ব কায়েম করেছিল। এসব করতে তারা রাষ্ট্র কাঠামো তছনছ করে দিয়েছে। সেজন্য রাষ্ট্র সংস্কারও প্রয়োজন। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে দীর্ঘ সময় নেয়া যৌক্তিক হবে না। বরং ভোটের মাধ্যমে নির্বাচিতের শাসনই বড় সংস্কার।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ।