বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে, সেবা গ্রহণ-সংক্রান্ত যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সুপ্রিম কোর্টকে জানাতে পারবেন। এ বিষয়ে একটি হেল্পলাইন চালু করেছে সুপ্রিম কোর্ট।
গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ উদ্যোগের মধ্য দিয়ে প্রথমবারের সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাদের জন্য হেল্পলাইন চালু হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ এই নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ যেকোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। ‘সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য দেবেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ১৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার সব কর্মকর্তার উদ্দেশে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজীকরণসহ পেশাগত কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে ১২ নির্দেশনা দেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনার ধারাবাহিকতায় বিচারপ্রার্থীদের সুবিধার্থে সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো এ হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’