শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা মামলা

চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন টেলিভিশন উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ মামলাটি করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

মামলায় অন্য আসামিরা হলেন জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।

বাদী তার অভিযোগে বলেন, তিনি আসামিদের অধীনে চ্যানেল আইয়ে ম্যানেজার (মার্কেটিং) পদে এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি ‘স্বর্ণকিশোরী’ নামে এক অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কারণে হঠাৎ করে ১১ অক্টোবর তাকে প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয়। তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যত দিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, তত দিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসেবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা রয়েছে। পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে বাদীকে জীবননাশের হুমকি দেন ও ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।