লেবানন–ইসরায়েলকে যুদ্ধ বিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সাম্প্রতিক সময়ে সংঘাত এবং হামলা-পাল্টা হামলা বেড়েছে। গত সোমবার থেকে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল, এমনকি সম্ভাব্য’ স্থল অভিযানের জন্য ইসরায়েলি সৈন্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও সহযোগী দেশগুলো। দুই দেশের সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছাতে চায় দেশগুলো।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে, দুই পক্ষের এই শত্রুতা ‘অসহনীয়’ এবং ‘বৃহত্তর অগ্রহণযোগ্য ঝুঁকি’ উপস্থাপন করেছে, যা ইসরায়েল বা লেবাননের জনগণের স্বার্থে নয়।

যৌথ বিবৃতিতে সই করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং কাতার। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বৈঠকের পরে যৌথ বিবৃতিটি দেওয়া হয়।

অন্যদিকে আলাদা এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন যে, "বেসামরিক নাগরিকদের তাদের বাড়িতে ফিরে যেতে সহায়তা করতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই যুদ্ধবিরতি প্রয়োজন। বর্তমান শত্রুতা অনেক বিস্তৃত সংঘাত এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির হুমকি সৃষ্টি করে।

বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, "ইউরোপের পাশাপাশি আরব দেশগুলি থেকেও উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। এটি গুরুত্বপূর্ণ যে যুদ্ধটি যেনো বিস্তৃত না হয়।"

তবে ইসরায়েল বা লেবানন কেউই এই প্রস্তাব গ্রহণ করেনি বলে বিবিসিকে জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। যদিও যুক্তরাষ্ট্র উভয় সরকারের সঙ্গেই যোগাযোগ করছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি জানান, এই যুদ্ধে ২১ দিনের বিরতি একটি টেকসই পর্যায় হবে যা পরবর্তীতে আরও চুক্তিতে পৌঁছানোর জন্য আরও আলোচনার সময় দেবে।

এর আগে নিউইয়র্কে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।

কয়েক দিন ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছিল। তবে গত সোমবার লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সাড়ে ৫ শ’র বেশি মানুষ নিহত হন। এরপর থেকেই লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

সর্বশেষ ইসরায়েলি হামলায় দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বের কয়েকটি এলাকায় নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন ৪০০ জন।