টি-টোয়েন্টি থেকে সাকিবের অবসর, শেষ টেস্ট খেলতে চান মিরপুরে

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। অক্টোবর মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে কানপুর টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব জানান, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই।

সাকিব বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি'। যার অর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। সাকিবের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে।

আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, 'এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে জানিয়ে সাকিব বলেন, 'এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’

তবে ওয়ানডে নিয়ে কিছু জানননি সাকিব। ধারণা করা হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেবেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলতে চান তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচে ২৫৫১ রান করেন। ফিফটি আছে ১৩টি। উইকেট নিয়েছেন ১৪৯টি।