কানপুর টেস্টের আগের দিন বাংলাদেশের ক্রিকেটে এলো বড় খবর। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়ী ঘোষণা দিলেন সাকিব আল হাসান। গত বিশ্বকাপেই তার শেষ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে। ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাতে চান। কিন্তু সাকিবের এই আশা পূরণ হবে তো?
রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের দেশে ফেরা এখন অনেক কিছুর ওপর নির্ভর করছে। তাছাড়া তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে। সরকারবিরোধী আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগের সাংসদ সাকিব নিশ্চুপ থাকায় দেশের জনতার একাংশ তার ওপর ক্ষুব্ধ। তাই সাকিব দেশে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারলেও প্রয়োজনে দেশ ত্যাগ করতে পারবেন- তার কোনো গ্যারান্টি নেই।
কানপুরে সংবাদ সম্মেলনে তাই সাকিব বললেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
এ নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’