পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে স্থানীয় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে কয়েকদিনের প্রাণঘাতী সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। খবর এপির।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষের সূত্রপাত হয় এক সপ্তাহ আগে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে ঘটনার সূত্রপাত, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে এবং বুধবার পর্যন্ত চলমান ছিল।
কুররামের এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেছেন, এই সংঘর্ষে বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক বছর ধরে কুররমে শিয়া ও সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি চলছে। একই জমি নিয়ে বিরোধে চলতি বছরের জুলাইতেও দুই পক্ষের বহু মানুষ নিহত হয়েছিল। পুনরায় সংঘর্ষ এড়াতে তারা কঠোর অবস্থানে রয়েছে।
আঞ্চলিক সরকারের মুখপাত্র সাইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কমাতে প্রশাসন উভয় জনগোষ্ঠীর প্রবীণ নেতাদের সঙ্গে কথা বলেছে। উভয়পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।
পাকিস্তানের সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে দেশটির ২৪০ মিলিয়ন জনসংখ্যার ১৫ শতাংশ শিয়া মুসলিম। শিয়াদের অভিযোগ, তারা প্রায়ই বৈষম্য ও সহিংসতার শিকার হয়।