বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাবির টিএসসিতে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ফরহাদ বলেন, আমরা সভাপতি ও সেক্রেটারি আত্মপ্রকাশ করেছি। খুব শিগগিরই আমাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব। আমাদের কিছু সময় প্রয়োজন।
শিবিরের কমিটি গঠনের প্রক্রিয়া কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ বা ছাত্রদলে যেমন ক্যান্ডিডেটরা পদের জন্য দাঁড়িয়ে যান, সেখানে আমাদের শিবিরে তার কর্মী পর্যায় থেকে জনশক্তিরা সেটা নির্ধারণ করে দেয়। তারাই বলে দেয় আমরা তাকে সভাপতি বা সেক্রেটারি হিসেবে চাই। এখানে অন্য কোনো অথোরিটি নাই।
ঢাবিতে শিবির নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, ঢাবির অধ্যাপক অনুযায়ী সিনেট সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের উওর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের সবকিছু পরিচালিত হয়। এসবের কোথাও শিবির নিষিদ্ধের বিষয় উল্লেখ নেই। এর বাইরে পরিবেশ পরিষদ কি বলল বা না বলল সেটা দেখার বিষয় না। ছাত্রশিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে শিবিরের রাজনীতি নিষিদ্ধের কোনো প্রশ্নই আসার কথা না।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি থাকবে। বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ছাত্ররাজনীতির থাকবে না। সবকিছু প্রশাসন ঠিক করবে। তারপর ছাত্ররাজনীতির পরিবর্তিত রূপ চালু হবে।