দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পূজা উৎসব পালন করে আসছে। তারা নিশ্চিন্তে এ উৎসব পালন করতে পারবে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।

উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, ‘এই উৎসবকেন্দ্রিক কোনো ধরনের জঙ্গি হামলা বা অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কা নেই। তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। তা ছাড়া যেকোনো ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনা দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্যুরিস্ট পুলিশ পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করছে।’

আইজিপি পরিবেশের ক্ষতি রোধে বন ও পরিবেশ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে সবাইকে সচেতন হতে হবে।’