ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম ফরহাদ বলেছেন, সিনেট, সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিলের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের সবকিছু পরিচালিত হয়। এসবের কোথাও শিবির নিষিদ্ধের বিষয় উল্লেখ নেই। এর বাইরে পরিবেশ পরিষদ কী বলল বা না বলল, সেটা দেখার বিষয় নয়। ছাত্রশিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে শিবিরের রাজনীতি নিষিদ্ধের কোনো প্রশ্নই আসার কথা নয়।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরহাদ বলেন, ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ছাত্ররাজনীতি থাকবে না। সবকিছু প্রশাসন ঠিক করবে। তারপর ছাত্ররাজনীতির পরিবর্তিত রূপ চালু হবে।

শিক্ষার্থীরা শিবিরকে কীভাবে গ্রহণ করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বলে রাখা ভালো, ফ্যাসিবাদ দুটি বিষয় কায়েম করেছে; প্রথমত, শিবিরের সব অফিস বন্ধ করে তাদের কার্যক্রম বন্ধ করেছে। দ্বিতীয়ত, শিবিরের প্রতি ভীতি তৈরি করেছে। আমাদের আত্মপ্রকাশের পর এ ভিত্তি ভেঙে গেছে। প্রায় সব শিক্ষার্থী আমাদের পজিটিভলি গ্রহণ করেছে। যারা আমাদের পাঁচ বছর ধরে দেখেছে, আমাদের আচরণ, ব্যক্তিত্ব দেখেছে, তারা অনলাইনে ফিডব্যাক দিচ্ছে।

ইসলামী ছাত্রশিবিররের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান ফরহাদ।