গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনার পর শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠন তিনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃত তিনজন হলেন শ্রমিক দলের শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক কাজল ফকির, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম ও শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন।
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একই ঘটনার জেরে এর আগে গত বুধবার গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম পলাশকে (চঞ্চল) বহিষ্কার করা হয়।
গত বুধবার বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। সেখানে এক নেতার ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে পাল্টাপাল্টি ধাওয়া ও অস্ত্রের মহড়ার সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে পিস্তল ঠেকিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলার (ডিলিট) অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক হোসাইন বাবু শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি যমুনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি।